
হাবিবুর রহমান ফরহাদ, রিপোর্টার :: মাইজদীতে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে নতুন স্থানে স্থানান্তরিত ট্রাফিক অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন।
উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে ট্রাফিক আইন, সড়ক ব্যবহার ও ব্যবস্থাপনা এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। যানবাহন চলাচলে নির্ধারিত নিয়ম-নীতি অনুসরণ করার পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিরাপদ সড়ক গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখা স্বেচ্ছাসেবকদের বিশেষভাবে অভিনন্দন জানানো হয়।
উৎসব চলাকালে তাঁদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সহযোগিতার স্বীকৃতিস্বরূপ নোয়াখালী ট্রাফিক বিভাগের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের হাতে অভিনন্দনপত্র ও সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন। এ ছাড়া জেলা ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবীদের ইতিবাচক কর্মকাণ্ডের স্বীকৃতি জেলার সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :