প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ নভেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ১ কোটি ঘনফুট

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ :: কোম্পানীগঞ্জে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। কূপটির দুটি জোনে আনুমানিক ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখান থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস।

কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শেষে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় কূপটিতে অগ্নিপ্রজ্বলনের মাধ্যমে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাপেক্স সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই নিজস্ব ‘বিজয়-১০’ রিগ ব্যবহার করে কূপটির খননকাজ শুরু হয়। প্রায় সাড়ে তিন মাসের প্রচেষ্টায় কূপটি ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষায় কূপটির দুটি পৃথক জোনে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়।

বাপেক্সের তথ্য অনুযায়ী, দুটি জোনে মোট ৯ হাজার ৭৬৯ কোটি ঘনফুট বা ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভোক্তা পর্যায়ের বর্তমান বাজারমূল্য অনুযায়ী, এই গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কূপটি থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কূপটিতে গ্যাসের পাশাপাশি তেল বা অন্য কোনো খনিজ পদার্থ রয়েছে কি না, তা জানতে আগামী ১৫ দিন নিবিড় পর্যবেক্ষণ ও ডিএসটি পরীক্ষা চালানো হবে। এসব পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

বাপেক্সের ড্রিলিং ইনচার্জ রকিবুল হাসান বলেন, দীর্ঘদিনের খননকাজ শেষে সোমবার অগ্নিপ্রজ্বলনের মাধ্যমে কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, নতুন এই গ্যাসের সন্ধান দেশের জ্বালানি খাতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে। এ খবরে কোম্পানীগঞ্জসহ নোয়াখালীর মানুষ আনন্দিত।

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, কোম্পানীগঞ্জে নতুন গ্যাসের সন্ধান পাওয়া নোয়াখালীবাসীর জন্য আনন্দ ও গর্বের বিষয়। এই আবিষ্কার দেশের জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, এই গ্যাসসম্পদ কাজে লাগানো গেলে কোম্পানীগঞ্জসহ পুরো নোয়াখালীতে শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে। দ্রুত পরীক্ষা-নিরীক্ষা শেষ করে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি স্থানীয় জনগণও যেন এই সম্পদের সুফল পান, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

  • . এর আরও খবর