প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ নভেম্বর, ২০২৬

যুবকদের আত্মকর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে: ফখরুল ইসলাম এমপি

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ :: যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করার আহ্বানের মধ্য দিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অপরিসীম। যুবকদের যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করতে পারলে বেকারত্বের সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ জন্য কারিগরি ও কর্মমুখী শিক্ষার পাশাপাশি আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণে যুবকদের উৎসাহিত করতে হবে। প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে নিজেদের যোগ্য করে তুলতে সময়ের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনেরও কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, তরুণদের শুধু চাকরির প্রত্যাশী না হয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার চেষ্টা করতে হবে। একজন উদ্যোক্তা নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিদ্দিক এবং সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন।

অনুষ্ঠানের একপর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনজন যুব উদ্যোক্তার প্রত্যেককে ১ লাখ ২০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়। পাশাপাশি সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

এ সময় বক্তারা যুবসমাজের সৃজনশীলতা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, তরুণদের যথাযথ দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা দেওয়া গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের সদস্য, প্রশিক্ষণার্থী এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে জাতীয় যুব দিবস উপলক্ষে বৃহত্তর নোয়াখালীর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর ইউ’-এর উদ্যোগে রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনটির এ উদ্যোগে মানবিক সেবায় যুবসমাজের অংশগ্রহণ এবং স্বেচ্ছায় রক্তদানে জনসচেতনতা সৃষ্টির বিষয়টি গুরুত্ব পায়।

আরও পড়ুন

  • . এর আরও খবর