
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :: সেনবাগ উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। উপজেলার ছয়টি কলেজে মোট ৯১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৪৪৯ জন। সে হিসাবে গড় পাসের হার ৪৯ দশমিক ২৩ শতাংশ। এদিকে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ জেলার মহিলা কলেজ গুলো মধ্যে ফলাফলে শার্ষ ফলাফল অর্জনকরেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সেনবাগ সরকারি কলেজ থেকে ৫২৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৮২ জন। পাসের হার ৫৩ দশমিক ৪১ শতাংশ। কানকিরহাট কলেজ থেকে ১৫৬ জন অংশ নিয়ে পাস করেছে ৩৫ জন। পাসের হার ২২ দশমিক ৪৪ শতাংশ।
সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ থেকে ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩২ জন। পাসের হার ৪০ দশমিক ৫১ শতাংশ। বাতাকান্দী আদর্শ স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে মাত্র ৩ জন। পাসের হার ২৫ শতাংশ।
অন্যদিকে, গাজীরহাট আকবর আলী কারিগরি বাণিজ্য কলেজ তুলনামূলক ভালো ফলাফল করেছে। প্রতিষ্ঠানটি থেকে ২৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২২ জন। পাসের হার ৮৮ শতাংশ।
এদিকে, সেনবাগের নারী শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান লায়ন জাহাঙ্গীর আলম মহিলা কলেজ থেকে ১১২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭৫ জন। পাসের হার ৬৬ দশমিক ৯৬ শতাংশ। প্রতিষ্ঠানটির দাবি, নোয়াখালী জেলার মহিলা কলেজগুলোর মধ্যে ফলাফলে তারা প্রথম স্থান অর্জন করেছে।
সামগ্রিক ফলাফলে উপজেলার অধিকাংশ কলেজে পাসের হার ৫০ শতাংশের নিচে থাকায় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে হতাশা দেখা দিয়েছে। শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান কার্যক্রম ও ফলাফল পর্যালোচনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
আপনার মতামত লিখুন :