
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ :: মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করতে কোম্পানীগঞ্জ উপজেলার মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযানে প্রায় ৩০ কেজি ইলিশ ও পোয়া মাছ জব্দ করা হয় এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নেমে মাছ শিকার করায় পাঁচ জেলেকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, পুলিশ, আনসার ও কোস্টগার্ডের যৌথ টিম নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে জব্দ হওয়া প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পরবর্তীতে আগুনে পুড়িয়ে পুরোপুরি ধ্বংস করা হয়। এ ছাড়া উদ্ধারকৃত মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় খাবার হিসেবে হস্তান্তর করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আশ্রাফুল ইসলাম সরকার।
জাতীয় মাছ ইলিশের নিরাপদ বংশবৃদ্ধি নিশ্চিত করতে নদী এলাকায় প্রশাসনের এই কঠোর নজরদারি ও তাৎক্ষণিক বিচারিক অভিযান সামনেও জারি থাকবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :