প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার :: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে মাইজদীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), জেলা সার্কেলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শফিকুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এবং সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন।

আলোচনা সভায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সড়ক নিরাপদ রাখা সবার সম্মিলিত দায়িত্ব। এ জন্য চালক, যাত্রী ও পথচারী সকলকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। পাশাপাশি নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং যানবাহন চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, জনসচেতনতাও বাড়াতে হবে। জেলার সড়কগুলো নিরাপদ ও দুর্ঘটনামুক্ত রাখতে তিনি সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে দায়িত্বশীলতা ও সড়ক নিরাপত্তায় অবদানের স্বীকৃতিস্বরূপ ভালো চালক হিসেবে নির্বাচিত চারজন চালককে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

কর্মসূচিতে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন খাতের প্রতিনিধিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর