
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি :: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বর্তমান শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গঠনে সাহায্য ও দিকনির্দেশনা দেয়ার লক্ষ্যে ‘NSTU Alumni-Student Connect’ শীর্ষক ক্যারিয়ার সেমিনার আয়োজন করেছে নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
সেমিনারটি আগামী ৬ নভেম্বর, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
এ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিসিএস প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন ক্যাডারে কর্মরত কর্মকর্তা এবং বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব পালন করা নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীরা উপস্থিত থেকে তাদের কর্মজীবনের অভিজ্ঞতা শোনাবেন।
তারা চাকরির প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা ও বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে পরামর্শ প্রদান করবেন।
নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের প্রচারপত্রে দেয়া কিউআর কোড স্ক্যান করে নিবন্ধন করতে হবে।
নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. শহিদ সরওয়ার বলেছেন, সাবেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে দায়িত্ব পালন করছেন, কিন্তু তাদের সাথে বর্তমান শিক্ষার্থীদের যোগাযোগ সীমিত। এই সেমিনারের মাধ্যমে তা মেটানোর পাশাপাশি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। তিনি আরও জানান, ভবিষ্যতে বিভিন্ন খাতে কর্মরত অ্যালামনাইদের সম্পৃক্ত করে এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে।
এ সেমিনার শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যা তাদের ক্যারিয়ার বিষয়ে স্বচ্ছ ও সুনির্দিষ্ট গাইডলাইন প্রদান করবে।
আপনার মতামত লিখুন :