
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি : দীর্ঘ সাত বছর পর আগামী ২৪ জানুয়ারি ২০২৭ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তন আয়োজনের ঘোষণা দিয়েছে প্রশাসন। তবে নিবন্ধন ফি, ব্যয়ের স্বচ্ছতা ও অভিভাবকদের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট তথ্য না থাকায় অসন্তোষ ও অনিশ্চয়তায় রয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাবর্তনে অংশগ্রহণের জন্য নির্ধারিত নিবন্ধন ফি ৫ হাজার থেকে ৬ হাজার টাকা। এ ফি নির্ধারণের যৌক্তিকতা, ব্যয়ের খাতভিত্তিক হিসাব এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তুকির পরিমাণ প্রকাশের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে মূল অনুষ্ঠানে অভিভাবকদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে আগেভাগে সিদ্ধান্ত জানানোর আহ্বান জানিয়েছেন তাঁরা।
শিক্ষার্থীদের দাবি, নিবন্ধন, প্রবেশপাস, অনুষ্ঠানসূচি ও সমাবর্তনের অন্যান্য নিয়মকানুন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হোক।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, বিশ্ববিদ্যালয় খোলার পর সমাবর্তনের ব্যয় ও ভর্তুকি নিয়ে সভা করে বিস্তারিত জানানো হবে। শিক্ষার্থীদের সন্তুষ্টি ও তাঁদের মতামত বিবেচনায় নিয়ে নিবন্ধন ফি কমানোর বিষয়টিও আলোচনা করা হবে। শিক্ষার্থীদের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া বা সমাবর্তন থেকে আয় করার উদ্দেশ্য প্রশাসনের নেই বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :