প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ অক্টোবর, ২০২৬

চাটখিলে সিএনজিতে যাত্রীবেশে ছিনতাই, নারীকে খালে ফেলে পালাল দুর্বৃত্তরা

উপজেলা সংবাদদাতা, চাটখিল :: চাটখিলে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবেশে উঠে রাবেয়া খাতুন (৫৮) নামে এক নারীকে মারধর করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। পরে তাঁকে একটি খালে ফেলে পালিয়ে যায় তারা।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হালিমা দিঘিরপাড়ের কাছাকাছি এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (২৩ অক্টোবর) ভুক্তভোগী চাটখিল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রাবেয়া খাতুন উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বারইপাড়া (পাঠান বাড়ি) এলাকার বাসিন্দা ও মৃত কামাল হোসেনের স্ত্রী। অভিযোগ অনুযায়ী, হালিমা দিঘিরপাড় থেকে চাটখিল বাজারে যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। গাড়িতে আগে থেকেই চালকসহ কয়েকজন যাত্রীবেশে ছিলেন। অটোরিকশাটি মারকাজ মসজিদের সামনে পৌঁছালে তাঁকে মারধর করে চোখ-মুখ চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করা হয়। এ সময় তাঁর স্বর্ণের আংটি, এক জোড়া কানের দুল, নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তাঁকে কাচারি বাজারের পাশের একটি খালে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করেন।

ভুক্তভোগীর মেয়ে রিফাত সুলতানা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারাও এ ধরনের ছিনতাই রোধে পুলিশি টহল বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশাচালক ও ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর