
উপজেলা সংবাদদাতা, চাটখিল :: চাটখিলে পূর্ববিরোধের জেরে খোরশেদ নাঈম (২৫) নামে এক যুবককে অটোরিকশায় তুলে মারধর, অস্ত্র দিয়ে আঘাত ও টাকা-পয়সা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে নুর আলম (৫০) ও অজ্ঞাতনামা ৬-৭ জনের বিরুদ্ধে। এ সময় তাঁর পোশাক খুলে ছবি ও ভিডিও ধারণ করে অভিযুক্তের কাছে পাঠানোর অভিযোগও করেছেন ভুক্তভোগী।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের কাইতার বাড়ির সামনের সড়ক থেকে তাঁকে অটোরিকশায় তুলে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, তাঁকে মারধর করে নগদ ২৩ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন, হাতঘড়ি ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে পাইকপাড়া এলাকার একটি সেতুর পাশের বাগানে নিয়ে তাঁকে আবারও মারধর করা হয়। একপর্যায়ে ছবি ও ভিডিও ধারণের পর তাঁকে ভয়ভীতি দেখিয়ে ঢাকায় চলে যেতে বলা হয়।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। এ ঘটনায় নুর আলমসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে চাটখিল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন খোরশেদ নাঈম।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :