
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি :: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলে অসুস্থ একটি কুকুরের অবাধ বিচরণে উদ্বেগ ও অস্বস্তিতে রয়েছেন আবাসিক শিক্ষার্থীরা। হলের সিঁড়ি ও বারান্দায় রক্তের দাগ, ডাস্টবিনের ময়লা ছড়িয়ে পড়া এবং ওজুখানা ও পানির ট্যাপের আশপাশে কুকুরের উপস্থিতি নিয়ে ক্ষোভ জানিয়েছেন তাঁরা।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অসুস্থ কুকুরটি চিকিৎসাহীন অবস্থায় রয়েছে। হলের বিভিন্ন তলায় ছয় থেকে সাতটি কুকুরের বিচরণও দেখা যায়। দ্রুত কুকুরটির চিকিৎসা এবং হলের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।
প্রাণিচিকিৎসা সংশ্লিষ্টদের ধারণা, কুকুরটি রেক্টাল প্রোলাপস সমস্যায় আক্রান্ত হতে পারে। তবে প্রকৃত অবস্থা নিশ্চিত করতে পশুচিকিৎসকের পরীক্ষা প্রয়োজন।
হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল কাইয়ুম মাসুদ বলেন, সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিষয়টি জানার পর একজন সহকারী প্রভোস্টকে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। শিগগিরই শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সহযোগিতাও প্রয়োজন।
আপনার মতামত লিখুন :