
নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনোনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল।
সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাতে কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের কল্যাণ, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের ব্যবহার নিয়ে আলোচনা হয়।
এ সময় ইসমাইল জবিউল্লাহ বলেন, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা, দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার কাজ করছে। প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে শ্রমবাজারকে খাপ খাইয়ে নিতেও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
ম্যাক্স টুনোন কর্মসংস্থানের মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, উপকূলীয় অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশবান্ধব উদ্যোগে গুরুত্ব দেন। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের উদ্যোগের মধ্যে সমন্বয় বাড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাতে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, জিআইইউর মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন এবং আইএলওর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :