
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :: সেনবাগ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুকের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইরফানুল হক চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে সদ্যসমাপ্ত শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে এমপি জয়নুল আবদিন ফারুক জানান, গত দুই দিনে তিনি উপজেলার ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। এ সময় কয়েকটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম এবং শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাতেও অসংগতি দেখতে পেয়েছেন। কোথাও কোথাও শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান না করে অফিসে বসে স্মার্টফোন ব্যবহার করছেন বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। এছাড়াও বঙ্গের উপজেলা সর্বত্র ব্যাংগের ছাতার মতো গড়ে ওঠা কিন্ডারগার্টেন গুলোকে নীতিমালার মধ্যে আনার জন্য নির্দশনা প্রদান করেন।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে অপমৃত্যু ও পুকুরের পানিতে পড়ে শিশুমৃত্যুর ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে মসজিদে ইসলামিক ফাউন্ডেশন ও এনজিওর মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
সভায় ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার জন্য প্রশাসনকে নির্দেশনা দেন সংসদ সদস্য। পাশাপাশি সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা প্রতিরোধেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য দেন জেলান বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও কাবিলপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌরসভা বিএনপির আহবায়ক ফারুক বাবুল, সদস্য সচিব মোহাম্মদ শহীদুল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল আজিম চৌধুরী, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী মিলন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্বাস উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আহমেদ এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান লিটন।
এ সময় সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও একটি ইউনিয়নের প্রশাসক এবং আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সদস্যরা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং বিভিন্ন মতামত তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :