প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ নভেম্বর, ২০২৬

বিগত সরকারের ভুল পরিকল্পনার কারণে বিদ্যুৎ খাতে সংকট সৃষ্টি হয়েছে: ব্যারিস্টার খোকন

উপজেলা সংবাদদাতা, চাটখিল :: আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে একের পর এক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলেও জ্বালানি ও অর্থের জোগানের বিষয়টি বিবেচনা না করেই পরিকল্পনা নেওয়া হয়েছিল। ফলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি উৎপাদন সক্ষমতা তৈরি হলেও, বর্তমানে তীব্র জ্বালানি ও অর্থ সংকটে সেই সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে চাটখিল বাজারে সাধারণ মানুষের মাঝে বিদ্যুৎ সংকটবিষয়ক লিফলেট বিতরণ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন বলেন, ২০০৯ সালের পর দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা পাঁচ গুণের বেশি বাড়লেও প্রকৃত উৎপাদন বেড়েছে মাত্র ৩ দশমিক ৬ গুণ। অন্যদিকে এই সময়ে বিদ্যুৎকেন্দ্রের ভাড়া বা ক্যাপাসিটি চার্জ বেড়েছে প্রায় ১৬ গুণ।

তিনি আরও উল্লেখ করেন, একসময় দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল প্রায় ৫ হাজার মেগাওয়াট, যা বর্তমানে প্রায় ২৯ হাজার মেগাওয়াটে দাঁড়িয়েছে। অথচ এই বিশাল সক্ষমতার একটি বড় অংশই এখন অলস পড়ে আছে। দেশের চলমান বিদ্যুৎ সংকটের প্রেক্ষাপটে অতীতের নানা সীমাবদ্ধতা তুলে ধরে জনগণকে ধৈর্য ধারণ করে বর্তমান সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।

জানা গেছে, এদিন সাধারণ মানুষের মাঝে বিদ্যুৎ খাতের বিগত দিনের ভুল পরিকল্পনা, উৎপাদন সক্ষমতা, অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ, তীব্র জ্বালানি সংকট, আর্থিক অনিয়ম এবং দেশে বর্তমান লোডশেডিংয়ের পটভূমি ও কারণগুলো বিস্তারিতভাবে তুলে ধরে একটি লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ ও পথসভায় চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান রানা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া, আনিছ আহমেদ হানিফ ও ইমাম হোসেন টিপু উপস্থিত ছিলেন।

এছাড়াও চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু, চাটখিল বিআরডিবির চেয়ারম্যান ও পৌর যুবদলের আহ্বায়ক মো. মাসুদ রানা, ঢাকাস্থ জিয়া ঐক্য ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ শিপন, নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, চাটখিল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত মিলন, সদস্য সচিব রাকিব হোসেন রাজ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব অশ্রু বিন্দু পাটোয়ারসহ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় অংশ নেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর