
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ :: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, জিয়াউর রহমানের জন্ম না হলে বর্তমান সময়ে দেশের রাজনীতিতে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের রাজনীতি করার সুযোগ তৈরি হতো না।
এমপি ফখরুল ইসলাম আরও বলেন, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ঐতিহাসিক ঘটনা না ঘটলে অর্থনৈতিক মুক্তি, সংবাদপত্রের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হতো না।
রোববার (৮ নভেম্বর) বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বসুরহাট পৌরসভা চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বসুরহাট পৌরসভা বিএনপির সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সগীর ও উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল সহকারে যোগ দেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বসুরহাট পৌরসভা চত্বর জনসমাগমে মুখর হয়ে ওঠে।
আপনার মতামত লিখুন :