প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ নভেম্বর, ২০২৬

বেগমগঞ্জে ছুরিকাঘাতে তরুণ নিহত: আহত বোন জামাই

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ :: বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বোন জামাই মো. মামুন (৩৮) গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মনা ওই বাড়ির আব্দুল খালেক বুলুর ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমি নিয়ে একই বাড়ির আবুল কাশেমের পরিবারের সঙ্গে আব্দুল খালেক বুলুর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত ৮টার দিকে বুলুর পরিবারের দেওয়া সীমানা পিলার ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। পরে রাত ১০টার দিকে মনা তার বোনজামাই মামুনকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আবারও বিরোধে জড়ান। একপর্যায়ে আবুল কাশেমের ছোট ছেলে ফুয়াদ ইসলামের সঙ্গে মনার হাতাহাতি হয়। স্থানীয়রা পরিস্থিতি শান্ত করলেও দুই পরিবারের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও এ নিয়ে একাধিকবার ঝগড়া-বিবাদ হয়েছে। তবে সামান্য সীমানা পিলার ভাঙাকে কেন্দ্র করে এভাবে একজনকে প্রাণ দিতে হবে, তা কেউ কল্পনাও করেননি। ঘটনার সময় ছুরিকাঘাতে মনা ও তার বোনজামাই গুরুতর আহত হন। এমন নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

নিহত মনার ভাই ও বোন অভিযোগ করে বলেন, জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাদের পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনার সময় তাদের ভাইকে ঘরের সামনে পেয়ে প্রতিপক্ষের লোকজন এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাকে বাঁচাতে গিয়ে বোনজামাইও গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের ভাইকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে আবুল কাশেমের ছেলে আরমান হোসেন রিমন তার ভাই ফুয়াদসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে ছুরি হাতে বুলুর বসতঘরের সামনে যান। সেখানে দরজার সামনে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন মনা। এ সময় আরমান ও ফুয়াদ তার ওপর হামলা চালিয়ে বুকে, পেটে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। মনার চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে গেলে মামুনকেও ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনা‌কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ক্ষুব্ধ স্থানীয় লোকজন আবুল কাশেমের বসতঘরে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর