প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬

বেগমগঞ্জে সৌদি প্রবাসীর পরিবারের ওপর হামলা, আহত ৪

নিজস্ব প্রতিবেদক : বেগমগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সৌদি প্রবাসী মহিউদ্দিন কচির বসতঘরে হামলার অভিযোগ উঠেছে তাঁর ভাই জয়নাল আবেদীন পরানের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে প্রবাসী কচি’সহ তাঁর পরিবারের ৪ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।

বুধবার সকালে উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন সৌদি প্রবাসী মহিউদ্দিন কচি, তাঁর স্ত্রী নারগিস আক্তার, মেয়ে ফাতেমা বিনতে মহি এবং তাঁর বড় ভাই গিয়াস উদ্দিনের ছেলে জিয়া উদ্দিন রাজু। তাঁদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মহিউদ্দিন কচি অভিযোগ করে বলেন, তাঁর বাবা আব্দুর জব্বারের ওয়ারিশ হিসেবে ২০০৬ সালে ভাই-বোন ও মায়ের নামে হিস্যা অনুযায়ী সম্পত্তি রেজিস্ট্রি করা হয়। পরে তাঁদের নামে খতিয়ানও প্রকাশিত হয়। তিনি দীর্ঘ ২৬ বছর ধরে প্রবাসে থাকায় তাঁর ভাই জয়নাল আবেদীন পরান ওই সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন।

কচির অভিযোগ, তিনি প্রবাসে থাকা অবস্থায় সম্পত্তি দখলের চেষ্টা নিয়ে তাঁর স্ত্রী ও আট বছর বয়সী মেয়েকে বিভিন্নভাবে নির্যাতন ও হুমকি দেওয়া হয়। এমনকি তাঁর মেয়েকে স্কুলে যেতেও হুমকি দেওয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি দেশে ফেরার পর তাঁর ভাই জয়নাল আবেদীন পরান এবং তাঁর দুই ছেলে তুষার ও সাকিব ভাই-বোনদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এর প্রতিবাদ করায় বুধবার সকালে ভাড়াটে লোকজন নিয়ে পূর্বপরিকল্পিতভাবে তাঁদের বসতঘরে হামলা চালানো হয়। এ সময় বাধা দিতে গেলে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ঘটনাটি তিনি মৌখিকভাবে শুনেছেন। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর