
উপজেলা সংবাদদাতা, কবিরহাট : কবিরহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা হল রুমে কবিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বানী সোহেল।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা বিধান, বিদুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কবিরহাটে সবসময়ই সম্প্রীতির আবহ বিরাজমান। এবারও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যাতে পূজা উদযাপিত হতে পারে, সেজন্য পূজা উদযাপন কমিটির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন সচেষ্ট থাকবে।
প্রতিটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর টহলের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক টিম রাখার নির্দেশনা দেওয়া হয়।
উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া, কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন সদস্য সচিব সৌরভ হোসেন কামাল,কবিরহাট পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
সভা শেষে পূজা উৎসবকে ঘিরে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয় এবং যে কোনো জরুরি প্রয়োজনে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগের অনুরোধ করা হয়।
আপনার মতামত লিখুন :