
উপজেলা সংবাদদাতা, হাতিয়া : হাতিয়ায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারসংলগ্ন বিরবিরি গ্রামে এ ঘটনা ঘটে। এতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন মাছচাষি মহব্বত হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মহব্বত হোসেন ‘ধানিয়া মৎস্য খামার’ নামে একটি খামার ভাড়া নিয়ে মাছ চাষ করে আসছিলেন। সোমবার সকালে খামারে গিয়ে পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখেন তিনি। পরে পুকুরে বিষ প্রয়োগের বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন। তাঁর ডাক শুনে আশপাশের লোকজন ছুটে এসে জাল দিয়ে মরা মাছ তুলতে শুরু করেন। তবে ততক্ষণে অধিকাংশ মাছ মরে পচন ধরতে শুরু করায় সেগুলো রক্ষা করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা নুর হোসেন জানান, মহব্বত দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রায় দুই বছর আগে দেশে ফিরে মাছ চাষ শুরু করেন। এ জন্য কয়েকটি এনজিও থেকে ঋণও নিয়েছিলেন। মাছ মরে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
মহব্বত হোসেন জানান, নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলায় বেশি দামে বিক্রির আশায় বিভিন্ন পুকুর থেকে তেলাপিয়া মাছ সংগ্রহ করে নিজের পুকুরে রেখেছিলেন। সোমবার সকালে এসব মাছ ব্যবসায়ীদের কাছে বিক্রির কথা ছিল। কিন্তু রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলা হয়েছে বলে তাঁর অভিযোগ।
তিনি বলেন, পুকুরে প্রায় ২০ থেকে ২২ মণ তেলাপিয়া মাছ ছিল। বর্তমান বাজারদরে এসব মাছ প্রায় পাঁচ লাখ টাকায় বিক্রি করা যেত। এতে খরচ বাদ দিয়ে ভালো লাভের আশা করেছিলেন। কিন্তু এক রাতেই তাঁর সব স্বপ্ন ভেঙে গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেবেন বলেও জানান তিনি।
সেন্টার বাজার বণিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে সকালে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাছচাষি মহব্বত হোসেন বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে পরামর্শ দেওয়া হয়েছে।
পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :