প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে নোয়াখালীর বিভিন্ন মন্দির পরিদর্শনে পুলিশ সুপার

রিপোর্টার, মাইজদী : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নোয়াখালীর বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি সুধারাম মডেল থানাধীন শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের জন্মোৎসব মন্দির ও নোয়াখালী দেবালয় মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা এবং বৈদ্যুতিক নিরাপত্তা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শান্তি ও সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সব ধর্মের নাগরিকের নৈতিক, সামাজিক ও আইনগত দায়িত্ব। আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে নোয়াখালী জেলা পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে।

পূজামণ্ডপ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

আরও পড়ুন

  • . এর আরও খবর