প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬

নোয়াখালী-ফেনীর ১১ কেন্দ্রে উদয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ :: নোয়াখালী ও ফেনীর ১১টি কেন্দ্রে প্রায় ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে উদয় বৃত্তি পরীক্ষা-২০২৬। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় একযোগে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষাকে ঘিরে কেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‘স্বপ্ন দেখ বড়, এগিয়ে চল দৃঢ়’ স্লোগানে উদয় এইড ফাউন্ডেশন এ পরীক্ষার আয়োজন করে। আয়োজক সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সেনবাগ এবং ফেনীর দাগনভূঞা উপজেলার তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। এ সময় তিনি বলেন, তৃণমূল পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব, আত্মবিশ্বাস ও বড় স্বপ্ন দেখার সাহস তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও নেতৃত্বের বিকাশে বৃত্তি পরীক্ষার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে উদয় এইড ফাউন্ডেশন। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

পরীক্ষাকেন্দ্রে উপস্থিত অভিভাবকেরা এ আয়োজনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তাঁদের মতে, এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করার পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ও আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর