প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬

চাটখিলে শ্রমিক দল নেতাকে হত্যা, সাবেক স্ত্রীসহ আটক ৩

উপজেলা সংবাদদাতা, চাটখিল :: চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন শ্রমিক দলের নেতা মোঃ রাসেল হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর সাবেক স্ত্রী ফারজানা আক্তার মুক্তা (২৬), তাঁর বোন নাদিয়া সুলতানা রত্না (২৫) এবং মুক্তার বর্তমান স্বামী মো. সেলিমকে (২৫) আটক করেছে এসআরবি-১১।

পরকীয়ার জেরে বিবাহবিচ্ছেদ ও পরবর্তী ক্ষোভের ফলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন আসামিরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন নিহত রাসেলের সাবেক স্ত্রী ও সানুখালী গ্রামের আব্দুল মন্নানের মেয়ে ফারজানা আক্তার মুক্তা, তাঁর বোন নাদিয়া সুলতানা রত্না এবং মুক্তার বর্তমান স্বামী খাগড়াছড়ির রামগড় থানার গুইয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সেলিম।

এসআরবি জানায়, প্রেমের সম্পর্কের সুবাদে ১০ থেকে ১২ বছর আগে রাসেলের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাঁদের ঘরে একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।

গত কয়েক বছর ধরে সেলিমের সঙ্গে মুক্তার পরকীয়া সম্পর্কের জেরে রাসেলের সঙ্গে পারিবারিক কলহ দেখা দেয়। এর ফলে মুক্তা রাসেলকে তালাক (ডিভোর্স) দেন। কিন্তু রাসেল বিষয়টি মেনে নিতে পারেননি এবং তিনি পুনরায় মুক্তার সঙ্গে সংসার করার চেষ্টা করেন। চলতি বছরের অক্টোবর মাসে সেলিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুক্তা। বিষয়টি জানাজানি হলে রাসেল মুক্তার বাড়িতে যাতায়াত আরও বাড়িয়ে দেন।

এসআরবি আরও জানায়, গত ৬ নভেম্বর রাসেলের মুঠোফোনে কল দিয়ে তাঁকে তাঁদের বাড়িতে আসতে বলেন মুক্তা। ওই কল পেয়ে রাত ১০টার দিকে মুক্তার বাড়িতে আসেন রাসেল। পরবর্তীতে বিভিন্ন বিষয় নিয়ে রাসেল ও মুক্তার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে অপর আসামিদের সহযোগিতায় পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করেন মুক্তা। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে রাসেলের মৃতদেহ কম্বল দিয়ে মুড়িয়ে মাটিচাপা দেন মুক্তা ও অন্য আসামিরা।

গত বৃহস্পতিবার পুলিশ মাটিচাপা দেওয়া অবস্থায় নিহতের মৃতদেহ উদ্ধার করে। পরে এ ঘটনায় রাসেলের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলার ভিত্তিতে এসআরবি-১১ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলী এলাকা থেকে মুক্তা ও রত্নাকে এবং পরবর্তীতে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে সেলিমকে আটক করে। শুক্রবার দুপুরে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের চাটখিল থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর