প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জে প্রোবক্সে মিলল ডাকাতির সরঞ্জাম, গ্রেপ্তার ৬

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে একটি টয়োটা প্রোবক্স গাড়িতে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহারের অভিযোগে তালা ভাঙার কাটার ও কয়েকটি গামছা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাড়িতে থাকা ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বহনকারী সিলভার রঙের প্রোবক্স গাড়িটিও জব্দ করা হয়েছে।

গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকলমী বাজার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার রফিকুল ইসলাম (৫৭), কুমিল্লার মইনুল ইসলাম (২৮), সীতাকুণ্ডের মিজানুর রহমান (২৫), কোম্পানীগঞ্জের নুর নবী (৩৯), নুর মোহাম্মদ (৩২) এবং সীতাকুণ্ডের আজিজুল মোস্তফা (৩৫)। আজিজুল ওই গাড়ির চালক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে টহল দেওয়ার সময় এসআই সুমন চন্দ্র দাসের সন্দেহ হলে প্রোবক্স টয়োটা গাড়িটিতে তল্লাশি চালানো হয়। গাড়িতে চালকসহ ছয়জন ছিলেন। তল্লাশিতে তালা ভাঙার কাটার ও কয়েকটি গামছা পাওয়ার পর তাঁদের আটক করা হয়।

পুলিশ আরো জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রফিকুল ইসলাম, নুর মোহাম্মদ ও আজিজুল মোস্তফার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে। আজ সোমবার তাঁদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর