প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নিরাপদ ক্যাম্পাস ও সম্মানজনক পরিবেশের দাবিতে নোবিপ্রবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি : নিরাপদ ক্যাম্পাস ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার দাবিতে এবং স্লাট শেমিং, বুলিং ও কুরুচিপূর্ণ মতবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নারী ও পুরুষ শিক্ষার্থীসহ সবার জন্য নিরাপদ, বৈষম্যহীন ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে স্লাট শেমিং, বুলিং, হয়রানি এবং ব্যক্তিগত মর্যাদাকে ক্ষুণ্ন করে এমন কুরুচিপূর্ণ মন্তব্য ও মতাদর্শের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, একটি বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা অর্জনের স্থান নয়; এটি শিক্ষার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে বেড়ে ওঠার পরিবেশও নিশ্চিত করবে। ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী যেন অপমান, হয়রানি, বুলিং কিংবা চরিত্রহননের শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে হয়রানি ও বুলিংয়ের বিরুদ্ধে কার্যকর অভিযোগ ব্যবস্থাপনা, দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি ইতিবাচক ক্যাম্পাস সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তারা।

মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার্থীদের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর