প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬

যন্ত্রপাতি ছাড়াই হাতের জাদুতে শিশুর গলার পয়সা বের করে জীবন বাঁচালেন

উপজেলা সংবাদদাতা, হাতিয়া :: প্রাতিষ্ঠানিক বড় কোনো ডিগ্রি হয়তো নেই, তবে রয়েছে সুদীর্ঘ অভিজ্ঞতা ও অসামান্য দক্ষতা। আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কেবল হাতের কৌশলে শিশুর গলায় আটকে থাকা ধাতব মুদ্রা (পয়সা) বের করে তাক লাগিয়ে দিয়েছেন হাতিয়ার এক উপ-সহকারী মেডিকেল অফিসার। মেয়ের প্রাণ ফিরে পাওয়ার আনন্দে কান্নায় ভেঙে পড়েন মা। মুহূর্তেই পুরো এলাকায় প্রশংসার রোল পড়ে যায়।

গত শুক্রবার (১৪ নভেম্বর) রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলা সদর ওছখালী বাজারে এই মানবিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া শিশু ফায়জার (২) বাড়ি চরকিং ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের সিমা আক্তার ও ফজলুর রহমান দম্পতির মেয়ে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. বিমান চন্দ্র আচার্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্থানীয়রা। বিমান চন্দ্র আচার্য বর্তমানে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ-সহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।

কান্নাজড়িত কণ্ঠে শিশুটির মা সিমা আক্তার জানান, বাড়িতে খেলাধুলার একপর্যায়ে অজান্তে একটি ৫ টাকার কয়সা গিলে ফেলে ছোট্ট ফায়জা। এর পরপরই শুরু হয় তার ঘন ঘন বমি। একপর্যায়ে বমির সঙ্গে রক্ত বের হতে দেখলে পরিবারের লোকজনের মাথায় আকাশ ভেঙে পড়ে। তড়িঘড়ি করে স্থানীয় এক চিকিৎসক এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে। ইতোমধ্যে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে।

কর্তব্যরত চিকিৎসকরা জানান, বিষয়টি অত্যন্ত জটিল এবং হাসপাতালে প্রয়োজনীয় সার্জিক্যাল যন্ত্রপাতি না থাকায় তারা শিশুটিকে দ্রুত নোয়াখালী জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু তখন গভীর রাত হওয়ায় উত্তাল নদী পাড়ি দিয়ে জেলা সদরে যাওয়া ছিল অসম্ভব ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মেয়ের জীবন শঙ্কা দেখে দিশেহারা হয়ে পড়েন তার মা। শেষ পর্যন্ত স্থানীয় লোকজনের পরামর্শে তারা ছোটেন উপ-সহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্যের কাছে।

উপজেলা সদরের একটি ফার্মেসির পেছনের চেম্বারে শিশুটিকে নিয়ে যাওয়ার পর রোগীর অবস্থা বিবেচনা করে সবার অনুমতি নেন বিমান চন্দ্র আচার্য। এরপর নিজের বিশেষ হাতের কৌশল ও অভিজ্ঞতার সাহায্যে অত্যন্ত স্বল্প সময়ে শিশুর খাদ্যনালী থেকে ৫ টাকার মুদ্রাটি সফলভাবে বের করে আনেন তিনি।

মেয়ের নিশ্বাস স্বাভাবিক হতে দেখে এবং সুস্থ অবস্থায় ফিরে পেয়ে মা সিমা আক্তার হাউমাউ করে কেঁদে ফেলেন। মুহূর্তেই চেম্বার ও আশপাশের এলাকায় ভিড় জমান কৌতূহলী ও কৃতজ্ঞ জনতা।

এ বিষয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইউছুফ সোহাগ বলেন, “শিশুটির এক্স-রে রিপোর্ট অনুযায়ী পয়সাটি তার খাদ্যনালীতে আটকে ছিল। যা সাধারণত নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞ বা উন্নত সার্জারি ছাড়া বের করা বেশ ঝুঁকিপূর্ণ। এজন্য আমরা তাকে জেলা সদরে পাঠানোর পরামর্শ দিয়েছিলাম। তবে বিমান চন্দ্র আচার্য অত্যন্ত দক্ষতার সঙ্গে তা সফলভাবে বের করে এনেছেন, যা নিঃসন্দেহে দারুণ প্রশংসার দাবিদার।

নিজের সফলতার বিষয়ে উপ-সহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্য জানান, “আমার কাছে একটি বিশেষ রবারের পাইপ রয়েছে যার মাথায় বেলুনের মতো অংশ থাকে। পাইপটি শিশুর গলায় প্রবেশ করিয়ে তাতে পানি দিয়ে বেলুনটি ফুলিয়ে দেওয়া হয়। এরপর টান দিলে পয়সাটি ওই বেলুনের সাথে আটকে নিরাপদে বাইরে চলে আসে। এর আগেও আমি বেশ কয়েকজনের গলায় আটকে যাওয়া পয়সা সফলভাবে বের করেছি।

আরও পড়ুন

  • . এর আরও খবর