
আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার :: জেলা প্রশাসন পরিচালিত প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা ৫৬ লাখ ৬২ হাজার ২০৭ টাকা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা না হওয়ার অভিযোগ উঠেছে। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা এসব অর্থের হিসাব নিয়ে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলেও অর্থের হিসাব-নিকাশে যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই প্রধান শিক্ষক লায়লা তারেককেই তদন্ত কমিটির প্রধান করায় তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক, এলাকাবাসী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
১৯৭৪ সালে প্রতিষ্ঠিত প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানটি মাইজদী বার্লিংটন মোড়-সংলগ্ন এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটির পদাধিকারবলে সভাপতি নোয়াখালীর জেলা প্রশাসক।
নথিপত্র অনুযায়ী, বছরভিত্তিক হিসাবে ২০২২ সালে ৯ লাখ ৯ হাজার ১১ টাকা, ২০২৩ সালে ১২ লাখ ৬৫ হাজার ৩৪২ টাকা, ২০২৪ সালে ১৮ লাখ ৬৮ হাজার ৭২০ টাকা এবং ২০২৫ সালে ১১ লাখ ৮৯ হাজার ৮২৪ টাকার গরমিল পাওয়া গেছে। এ ছাড়া আরও ৩৫ জন শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা ৪ লাখ ২৯ হাজার ৩১০ টাকার হিসাবেও অসংগতি রয়েছে। সব মিলিয়ে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৫৬ লাখ ৬২ হাজার ২০৭ টাকার হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে, ২০২৬ সালের জুন মাসে আরও ৭ লাখ ৩৭ হাজার ৬৭৭ টাকার হিসাব নিয়ে প্রশ্ন ওঠার পর গত চার বছরের লেনদেন খতিয়ে দেখতে গিয়ে এসব তথ্য সামনে আসে। গত চার বছর প্রতিষ্ঠানের আর্থিক হিসাব যথাযথভাবে নিরীক্ষা না হওয়ায় এসব অনিয়ম আড়ালে থেকে যায় বলে জানা গেছে।
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করা হতো ওয়ান ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘ওকে ওয়ালেট’-এর মাধ্যমে। সেবাটির ডিস্ট্রিবিউটর মো. সফিকুল আলম আসিফ জানান, তিনি মাসে মাত্র দুই দিন প্রতিষ্ঠানে গিয়ে টাকা সংগ্রহ করতেন এবং রসিদের মাধ্যমে ব্যাংকে জমা দিতেন। অন্য দিনগুলোতে শিক্ষকেরাই টাকা সংগ্রহ করতেন।
শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ওকে ওয়ালেটের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা দেওয়ার কথা থাকলেও এসব অর্থের পূর্ণাঙ্গ হিসাব কেন পাওয়া যাচ্ছে না, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি ওকে ওয়ালেট কর্তৃপক্ষ। অন্যদিকে, ডিস্ট্রিবিউটর মো. সফিকুল আলম আসিফ বলেন, ‘এ রকম ঘটনাও ঘটেছে যে স্কুলের শিক্ষকেরা টাকা নিয়েছেন, কিন্তু আমাদের পেমেন্ট করেননি।’
সহকারী প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম আর্থিক লেনদেনে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে এ ঘটনার সম্পূর্ণ দায় প্রধান শিক্ষকের বলে দাবি করেন। সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান মামুন জানান, ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানে না এলে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে তিনি টাকা সংগ্রহ করে এজেন্ট ব্যাংকে জমা দিতেন।
অন্যদিকে, প্রধান শিক্ষক লায়লা তারেক শিক্ষকদের দায়মুক্ত করে দাবি করেন, ওকে ওয়ালেটের ডিস্ট্রিবিউটরই টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন।
নথিপত্রে দেখা যায়, ২০২৬ সালের ৭ মার্চ ও ১৫ জুন ওকে ওয়ালেটের ডিস্ট্রিবিউটর ‘ফেন্স এন্টারপ্রাইজ’-এর অ্যাকাউন্টে যথাক্রমে ৫০ হাজার টাকা ও ১ লাখ ৫৬ হাজার ২১৫ টাকা জমা দেওয়া হয়। কার নির্দেশে এবং কী উদ্দেশ্যে এসব টাকা ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।
এদিকে, প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিভাবক, এলাকাবাসী এবং রাজনৈতিক মহলের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারাও এ ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের অভিযোগ, শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থের সঠিক হিসাব নিশ্চিত করা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের কর্তব্য। অথচ দীর্ঘদিন আর্থিক হিসাব নিরীক্ষা না হওয়া এবং বিপুল পরিমাণ অর্থের গরমিলের ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁরা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, অর্থের সঠিক হিসাব প্রকাশ এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা জানান, আর্থিক গরমিলের ঘটনা তদন্তে গঠিত কমিটিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর অর্থ কোথায় গেছে, আদৌ অর্থের ঘাটতি রয়েছে কি না, তা জানা যাবে।
সংশ্লিষ্টদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানটির আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ নিরীক্ষা, ব্যাংক হিসাব, ওকে ওয়ালেটের লেনদেনের বিবরণী এবং শিক্ষার্থীদের ফি আদায়ের রসিদ যাচাইয়ের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা জরুরি। একই সঙ্গে তদন্তের নিরপেক্ষতা নিশ্চিত করে অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তির দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :