প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৩ অক্টোবর, ২০২৪

নামাজে মাথা ঢেকে রাখা কতটা গুরুত্বপূর্ণ?

রাসুলুল্লাহ (সা.) টুপি মাথায় দিয়ে নামাজ আদায় করেছেন ,সে মর্মে সহিহ কোনো বর্ণনা না পাওয়া গেলেও তিনি যে নামাজে পাগড়ি পড়েছেন, সেটা নিশ্চিত। জাবের ইবনে আমর ইবনে হুরায়েস (রা.) তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে পাগড়ি ও মোজার ওপর মাসেহ করতে দেখেছি।’ (বুখারি, হাদিস: ২০৫)

সুতরাং পাগড়ি পরে নামাজ আদায় করা সুন্নত। আর খালি মাথায় নামাজ পড়ার তুলনায় নামাজে মাথা ঢেকে রাখা উত্তম। তবে কোনো ওজর কিংবা প্রতিবন্ধকতার কারণে নামাজের সময় টুপি পরিধান করতে না পারলে সমস্যা নেই। খালি মাথায় নামাজ আদায়ের অভ্যাস করে নেওয়া অনুত্তম।

আল্লামা নিজামুদ্দিন (রহ.) বলেন, ‘পাগড়ি (অথবা টুপি ইত্যাদি) থাকা অবস্থায় গাফলতি কিংবা নামাজকে গুরুত্বহীন মনে করে খালি মাথায় নামাজ আদায় করা মাকরুহ। কিন্তু টুপিবিহীন খোলা মাথায় নামাজ আদায় যদি খুশুখুজু (আল্লাহর ভয় ও তাঁর প্রতি বিনয়-নম্রতা) প্রকাশের জন্য হয়, তাহলে সমস্যা নেই; বরং এটি প্রশংসনীয়।’ (ফাতাওয়ায়ে আলমগিরি, ১/১০৬)

নামাজে শরীরের কতটুকু অংশ ঢেকে রাখতে হয়?

আল্লামা আলাউদ্দিন হাসকাফি (রহ.) বলেন, ‘গাফিলতির কারণে খোলা মাথায় নামাজ আদায় করা মাকরুহ। কিন্তু যদি এটি হয় অক্ষমতা কিংবা প্রতিবন্ধকতার কারণে, তাহলে অসুবিধা নেই।’

নামাজের মধ্যে কারও মাথা থেকে টুপি পড়ে গেলে সম্ভব হলে এক হাত দিয়ে টুপিটি উঠিয়ে আবার মাথায় দেবে। জুহাইর (রহ.) বলেন, ‘আমি প্রখ্যাত তাবেয়ি আবু ইসহাক সাবিয়িকে দেখেছি, তিনি আমাদের নিয়ে নামাজ পড়েছেন। তিনি মাটি থেকে টুপি উঠিয়ে মাথায় পরেছেন।’ (তাবাকাতে ইবনে সাদ, ৬/৩১৪)

লেখক: আলেম ও সাংবাদিক

আরও পড়ুন

  • . এর আরও খবর