
স্টাফ রিপোর্টার; সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস ২০২৪ উপলক্ষ্যে জিক্যাপ, এসডিজি অ্যাকশন এলায়েন্স ও এনআরডিএস’র যৌথ উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নাগরিকের অংশগ্রহণে ২২ ডিসেম্বর ২০২৪ এনআরডিএস সেন্টারে আয়োজিত সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক নাগরিক সংলাপে স্বাস্থ্যসেবা খাতে সরকারি বরাদ্দ বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে সেবা সম্প্রসারণ, ওষুধের মূল্য নিয়ন্ত্রণ, আর্থিক সুরক্ষা এবং সবার জন্য গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি উত্থাপন করেন প্রান্তিক নাগরিক প্রতিনিধিগণ। আলোচনায় স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধি, সুলভমূল্যে চিকিৎসা নিশ্চিতকরণ, মানসিক
স্বাস্থ্যসেবার প্রসার এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রস্তাব করা হয়। বক্তারা বাংলাদেশের স্বাস্থ্যসেবার বর্তমান চ্যালেঞ্জ এবং তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে সরকারি হাসপাতালগুলোতে শয্যার স্বল্পতা, জনবল সংকট, ওষুধের অপ্রতুলতা এবং চিকিৎসা ব্যয়ের ক্রমবর্ধমান চাপ ইত্যাদি। বিশেষত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান উন্নয়ন ও সম্প্রসারণের প্রস্তাব করা হয়। একইসাথে দেশে কমপক্ষে ত্রিশ হাজার কমিউনিটি ক্লিনিক থাকা প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন। এনআরডিএস-এর নির্বাহী পরিচালক বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি এবং বেসরকারি পর্যায়ের কার্যকর সমন্বয় এবং
বাজেট বরাদ্দ বাড়ানো প্রয়োজন। আলোচনায় এফপিএবি’র পরিচালক ডা: নুরুল আলম লিটন বলেন, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবার গুণগত মান বৃদ্ধি পেলে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে সেবা গ্রহিতার চাপ কমবে। প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার সেবাগ্রহীতাদের সাথে একমত পোষণ করে বলেন, ২০৩২ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হলে সেবার মানোন্নয়ন, জনবল বৃদ্ধি এবং আর্থিক সুরক্ষা প্রদান জরুরি। এছাড়াও তিনি সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর অংশগ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য বলে অভিমত ব্যক্ত করেন। সংলাপে সভাপতিত্ব করেন বন্ধন-এর নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন। প্রসঙ্গত, জাতিসংঘের আহ্বানে প্রতি বছর ১২ ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হয় “সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস”।
আপনার মতামত লিখুন :