
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় স্বামীকে খুঁজে দেওয়ার আশ্বাস দিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আক্কাছ উদ্দিন আকাশ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এলাকার চিহ্নিত কিশোর গ্যাং সদস্য বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সিরাজপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী নারী শনিবার বিকেলে কোম্পানীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় আকাশসহ আরও একজন মো. ইমন ওরফে জুনা ইমন (২৪) কে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে বুধবার রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেহের আলী কামলা বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের কারণে গৃহবধূর স্বামী বাড়ি ছেড়ে চলে যান। ওই অবস্থায় রাতে অভিযুক্তরা গৃহবধূর বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে বের করে আনে। পরে স্বামীকে খুঁজে দেওয়ার আশ্বাস দিয়ে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।
মামলায় আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত আকাশ ও ইমন স্থানীয়ভাবে কিশোর গ্যাং সদস্য হিসেবে পরিচিত এবং তারা নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফয়জুল আজিম বলেন, “ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা গ্রহণ করা হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”
আপনার মতামত লিখুন :