
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরে এলজিইডির সড়ক সংস্কার কাজের জন্য ঠিকাদার, বরাদ্ধকৃত প্রকৃত সড়কের পরিবর্তে একটি ভালো সড়কের কাজ শুরু করে দেয়। প্রাথমিকভাবে ১ কিলোমিটার পাকা সড়ক উল্টানোর পরই ঠিকাদারের লোকজন বুঝতে পারে, তারা ভুল জায়গায় কাজ শুরু করছে।
ঘটনাটি ঘটে সুবর্ণচরের চর আমান উল্লাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের ১ নং ওয়ার্ডের বাবুল মার্কেট থেকে মোল্লা মার্কেট সংযোগ সড়কে।এতে করে এই সড়কের পাশে অবস্থিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বেসরকারি দাখিল মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে এই পথে নিয়মিত চলাচলকারী পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, রবিবার (১৩ এপ্রিল) সকালে এ সড়কটিতে সংস্কার কাজের জন্য বাজেট হয়েছে বলে ঠিকাদারের লোকজন এসে পাকা সড়কের পিচ উপড়ে ফেলে। পুরো ১ কিলোমিটার সড়কের দুপাশে খোঁড়াখুঁড়ি করে উপড়ে ফেলার পর, কাজের লোকজন চলে যেতে লাগলে-স্থানীয়রা তাদেরকে এ ব্যাপারে জিজ্ঞেস করে।তখন তারা বলে, ভুলক্রমে তারা অন্য রাস্তার পরিবর্তে এ রাস্তায় কাজ শুরু করেছে।এটা শুনে সাধারণ মানুষজন জড়ো হতে থাকলে, সড়কের বেহাল দশা করে তারা চলে যায়।স্থানীয় লোকজন এই বিষয়ে তাদের জিজ্ঞেস করলে, এ ব্যাপারে তারা উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে বলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয় মোল্লা মার্কেট যুব সংগঠনের সেক্রেটারি জিয়া উল হক বলেন,এলজিইডি অফিসের লোকজন কতটা দায়িত্বহীনতার পরিচয় দিলে এমন ঘটনা সংগঠিত হতে পারে!!এটা দেখে মনে পড়ে যায়,সেই ঘটনার কথা,যেখানে ডাক্তার ভাঙ্গা হাত রেখে ভালো হাত অপারেশন করে দেয়!!আসলে এটা শুধু বাংলাদেশেই সম্ভব।আমরা এর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে যোগাযোগ করা হলে এই কাজের তদারক কারী কর্মকর্তা সুবর্ণচর উপজেলা এলজিইডির সাব- অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার শরীফ মোহাম্মদ নুর ইসলাম ভুলে এ কাজ হয়েছে বলে স্বীকার করেন। তিনি বলেন, “মুলত চর ওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেস গ্রামের কুকিজ মার্কেট-ছিদ্দিক মার্কেট এলাকার সড়ক কাজের জন্য টেন্ডার হয়েছিল।”কিন্তু ঠিকাদার ভুল করে অন্য রাস্তায় কাজ শুরু করে দেয়, পরে তারা ভুল বুঝতে পেরে কাজ বন্ধ করে দেয়।পরে ঠিকাদার ভয়ে স্থান ত্যাগ করে চলে যায়,এবং তার ব্যবহৃত মোবাইল টি বন্ধ থাকায় তারসাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা।
এদিকে সড়কটিকে চলাচল অনুপযোগী করার কারণে ক্ষুব্ধ পথচারী ও এলাকাবাসী। তারা এই বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করলে,উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)রাবেয়া আসফার সায়মা এর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন আজ সোমবার বিকেলে সড়কটি পরিদর্শন করেন। এরপর ঠিকাদার ও এলজিইডিকে এই সড়কটি সংস্কার করে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।
আপনার মতামত লিখুন :