
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়ার কাছে মেঘনা নদীতে প্রায় ছয় কোটি টাকার পণ্যবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা ছয়জন মাঝি-মাল্লা অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান।
সোমবার (১৬ জুন) বিকেলে চট্টগ্রাম থেকে হাতিয়ার তমরুদ্দি ঘাটগামী ট্রলারটি সন্দ্বীপ ও ভাসানচরের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ট্রলারটিতে রড, সিমেন্ট, টিন ও মুদি পণ্যের বড় একটি চালান ছিল।
জানা যায়, ‘এমভি শরিফ-১’ নামের ট্রলারটি চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে যাত্রা শুরু করে। মাঝপথে নদী উত্তাল হয়ে পড়লে হঠাৎ নিচের কাঠামো ফেটে যায় এবং দ্রুত পানি ঢুকে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারের মালিক ও চালক আমির হোসেন মাঝি জানান, “সকালে চট্টগ্রাম ছাড়ার পর সন্দ্বীপ অতিক্রম করে ভাসানচরের কাছাকাছি আসতেই প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের মুখে পড়ি। কিছু বুঝে ওঠার আগেই ট্রলারটির তলা ফেটে যায়।” তিনি আরও জানান, প্রায় ছয় কোটি টাকার মালামাল ছিল ট্রলারে, যা সম্পূর্ণভাবে নদীতে তলিয়ে গেছে।
তবে সংকটকালীন মুহূর্তে আশপাশে থাকা একটি বাণিজ্যিক জাহাজে আশ্রয় নেওয়ার ফলে কোনো প্রাণহানি হয়নি।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, “আবহাওয়ার অবনতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। যেহেতু প্রাণহানির ঘটনা ঘটেনি, সেটাই বড় স্বস্তি। বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসন প্রাথমিক তদন্ত শুরু করেছে।”
আপনার মতামত লিখুন :