
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা শাহারাজ উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজি, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, হামলা-মামলাসহ নানা ধরনের অপকর্মের অভিযোগে হাতিয়ায় মানববন্ধন করেছেন স্থানীয়রা।
সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জাহাজমারা ইউনিয়নের বিরবিরি, নিমতলী, কাটাখালীসহ বিভিন্ন গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সমাজকর্মী মো. ওসমান গনি, হাজেরা বেগম, নিজাম উদ্দিন, ফরহাদ হোসেন, সাহেদা আক্তার প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, শাহারাজ উদ্দিন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তিনি কথায় কথায় নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূরুল হক নূরের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দেন এবং প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের বদলির হুমকিও দিয়ে থাকেন।
একজন বক্তা বলেন, ‘৫ আগস্টের কথিত ক্ষমতা বদলের পর থেকে তার অত্যাচার আরও বেড়ে গেছে। ঢাকায় থাকলেও মাঝেমধ্যে এলাকায় এসে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যান। তার ছোট ভাই নাহিদও একটি গ্যাং তৈরি করে এলাকায় ত্রাস সৃষ্টি করছে।
মানববন্ধনে অংশ নেওয়া নারীরা অভিযোগ করেন, জাহাজমারা নিমতলীতে বন্দোবস্তকৃত খাসজমি দখল করতে গিয়ে শাহারাজ উদ্দিন স্থানীয় ভূমিহীনদের প্রতিরোধে ব্যর্থ হয়ে পালিয়ে যান। অন্যদিকে সম্প্রতি কাটাখালী এলাকায় বোট ডাকাতির চেষ্টাকালে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিলে তিনি সহযোগীদের নিয়ে পালিয়ে যান।
এছাড়া স্থানীয়দের অভিযোগ, শাহারাজের বাবা সিরাজ উদ্দিনও মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন। বক্তারা প্রশাসনের কাছে শাহারাজ উদ্দিন ও তার পরিবারের ‘অবৈধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের’ তদন্ত দাবি করেন।
জানা যায়, শাহারাজ উদ্দিন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির রাজনীতি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। তার গ্রামের বাড়ি হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিরবিরি গ্রামে।
এ বিষয়ে শাহারাজ উদ্দিনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
আপনার মতামত লিখুন :