প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ৪ জুলাই, ২০২৫

নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন বিএনপি নেতা নিজাম উদ্দিন চৌধুরী

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : দ্বীপ উপজেলা হাতিয়ায় নিজের বিরুদ্ধে আনিত সকল অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি নিজেকে সম্পূর্ণভাবে নির্দোষ দাবি করেন।নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “সম্প্রতি কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে আমাকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, আমি এবং আমার পরিবারের সদস্যরা অন্যের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের সাথে জড়িত।

বাস্তবে এসব ঘটনার সঙ্গে আমি বা আমার পরিবারের কেউই কোনোভাবে যুক্ত নই। এ ধরনের সংবাদ আমাকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা।

তিনি বলেন, কয়েকদিন আগে তার ছেলেকে স্থানীয় একটি গ্রুপ মারধর করে গুরুতর আহত করে। আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

নিজাম উদ্দিন চৌধুরীর ভাষ্য, ছেলেকে হাসপাতালে নেওয়ার পর আমি নিজে থানায় মামলা করি। মামলার ভয়ে আসামিরা গা ঢাকা দিয়েছে। অথচ উল্টো অভিযোগ করা হচ্ছে যে, আমি তাদের ভয়ভীতি ও হুমকি দিয়েছি। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তারা আমার প্রতিবেশী, তাই বিষয়টি মীমাংসার চেষ্টা করেছিলাম। কিন্তু তারা নিজেই গা ঢাকা দিয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের কাছে অনুরোধ করে বলেন, প্রকৃত সত্য উদঘাটন করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন। ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদে একজন রাজনৈতিক ব্যক্তির সুনাম ক্ষুণ্ণ হয় এবং সামাজিকভাবে লাঞ্ছিত হতে হয়।

এসময় উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু শাহাদাত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়া হাতিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সংবাদ সম্মেলনটি কাভার করেন।

উল্লেখ্য, এর আগে স্থানীয় কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়েছিল, বিএনপি নেতা নিজাম উদ্দিন চৌধুরী ও তার লোকজন প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর, লুটপাট ও হামলার ঘটনায় জড়িত। তবে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ অস্বীকার করে আইনগত প্রক্রিয়ায় সত্য উদঘাটনের দাবি জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর