প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৫ জুলাই, ২০২৫

সোনাইমুড়ীতে দক্ষ যুবশক্তি গড়তে ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন কাজ করছে

মোহাম্মদ হানিফ, সোনাইমুড়ী  : সোনাইমুড়ী গড়ছে ভবিষ্যৎ এই প্রত্যয় নিয়ে সোনাইমুড়ী উপজেলায় এক নতুন স্বপ্নযাত্রা শুরু হলো। ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন তাদের পাঁচ শূন্য অভিযান প্রকল্পের আওতায় শূন্য অদক্ষ যুবশক্তি তৈরির লক্ষ্য নিয়ে বিনামূল্যে সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে। সকাল ১০টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মহতী কার্যক্রমের শুভ সূচনা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক জহিরুল ইসলাম। তাঁর উপস্থিতিতে সোনাইমুড়ীর তরুণ প্রজন্মের জন্য উন্মোচিত হলো অপার সম্ভাবনার এক নতুন দিগন্ত।

ফাউন্ডেশন আয়োজিত এই বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচিতে তরুণ প্রজন্মের এক বিশাল অংশ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তাদের চোখে মুখে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন আর আত্মবিশ্বাসী হওয়ার অদম্য আকাঙ্ক্ষা ছিল স্পষ্ট। কম্পিউটার প্রশিক্ষণে হাতে-কলমে শেখা থেকে শুরু করে সেলাই মেশিনে নিত্যনতুন ডিজাইন তৈরির কৌশল, সবকিছুতেই তাদের অদম্য উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই প্রশিক্ষণ শুধু তাদের প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধিই করছে না, বরং তাদের মধ্যে আত্মবিশ্বাস ও স্বনির্ভর হওয়ার এক নতুন স্পৃহাও জাগিয়ে তুলছে। এর মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার এক শক্তিশালী প্ল্যাটফর্ম পাচ্ছে।

আয়োজকরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এই দক্ষ যুবশক্তিই সোনাইমুড়ীকে একটি উন্নত ও সমৃদ্ধ উপজেলায় পরিণত করবে। স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি, এটি বেকারত্ব কমাতেও সহায়ক হবে। এই চলমান শিক্ষাযাত্রায় সকলের অনুপ্রেরণা ও সমর্থনই তাদের পাথেয় এবং আগামী দিনের পথচলার শক্তি। সোনাইমুড়ীর এই তরুণদের হাত ধরেই রচিত হবে এক সোনালী ভবিষ্যৎ, যেখানে প্রতিটি মানুষ হবে স্বাবলম্বী, আত্মবিশ্বাসী এবং দেশের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ অংশীদার।

আরও পড়ুন

  • . এর আরও খবর