
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম (৫) ও নাদিম (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দারিজ ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম ওই বাড়ির সজীবের ছেলে এবং নাদিম ওমানপ্রবাসী শরীফের ছেলে। সম্পর্কে তারা চাচাতো-জেঠাতো ভাই।
পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সকাল ৮টার দিকে বৃষ্টির পানিতে মাছ ধরতে গিয়ে শিশুরা বাড়ির পাশের পুকুরপাড়ে যায়। একপর্যায়ে একজন পুকুরে পড়ে গেলে অপরজন তাকে বাঁচাতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয়রা পুকুরে জাল ফেলেন। কিছুক্ষণ পরে জালে শিশু দুটির নিথর দেহ উঠে আসে।
পরে দ্রুত তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনছারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই শিশুর অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়েছে।’
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোক। শিশুদের মৃত্যুতে এলাকাবাসী ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।
আপনার মতামত লিখুন :