প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ৭ আগস্ট, ২০২৫

হাতিয়ার জাহাজমারা উচ্চ বিদ্যালয় এর সুবর্ণ জয়ন্তী উদযাপন

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক তাজ উদ্দিন রাফুল।
বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ও অংশগ্রহণে ব্যাপক পরিসরে আয়োজিত হচ্ছে এ উৎসব। উদ্বোধনী দিনে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রেজিস্ট্রেশন কার্যক্রমের সূচনা করা হয়।

প্রধান শিক্ষক আবু সোলাইমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উদযাপন কমিটির আহ্বায়ক তাজ উদ্দিন রাফুল, সদস্য সচিব মোশাররফ হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রায় সাত শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী।
রেজিস্ট্রেশন উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে জাহাজমারা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। শিক্ষার্থীদের হাতে ছিল রঙ-বেরঙের প্ল্যাকার্ড, আর মাইকে বাজানো হচ্ছিল সুবর্ণ জয়ন্তীর থিম সং।

আলোচনা সভায় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কার্যক্রমের রূপরেখা উপস্থাপন করা হয়। প্রবাসী ও ঢাকাস্থ প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও হাতিয়ায় পৃথক তিনটি উপকমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি রেজিস্ট্রেশন, ম্যাগাজিন প্রকাশ, অর্থ সংগ্রহ এবং দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কাজ করবেন।
বিদেশ ও দেশের বিভিন্নস্থানে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থাও চালু করা হয়েছে, যা চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। মূল অনুষ্ঠান আয়োজনের জন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী রমজানের ঈদের তৃতীয় বা চতুর্থ দিন।

১৯৭১ সালে প্রতিষ্ঠিত জাহাজমারা উচ্চ বিদ্যালয় হাতিয়ার দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে বিদ্যালয়টিতে ১,০৩৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে অবদানের মাধ্যমে এ বিদ্যালয় ইতোমধ্যে এলাকায় একটি শিক্ষাগত মর্যাদার প্রতীক হয়ে উঠেছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর