
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত উপজেলা কমিটিতে রিয়াজ উদ্দিন (রিয়াজ মাহমুদ) কে আহ্বায়ক এবং আবদুল হালিমকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পৌরসভা ছাত্রদলের নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন শরিফুল ইসলাম দুখু এবং সদস্য সচিব ফরহাদ মাহমুদ।
দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন ধরে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় নতুন নেতৃত্ব গঠনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কমিটি।
উপজেলা আহ্বায়ক রিয়াজ মাহমুদ ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। তিনি হাতিয়া ডিগ্রি কলেজে পড়াশোনা করার সময় থেকেই ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সাংগঠনিক দক্ষতা ও কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে ধীরে ধীরে তিনি উপজেলা ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে উঠে আসেন।
সদস্য সচিব আবদুল হালিমও দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়। তিনি স্থানীয় পর্যায়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তৃণমূলের কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং সাংগঠনিক কাজে আন্তরিকতার জন্য তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন।
পৌরসভা আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু এক দশকেরও বেশি সময় ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্র রাজনীতির শুরু থেকেই তিনি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, ছাত্র অধিকার আদায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে সামনের সারিতে ছিলেন। ২০১৮ সালের শিক্ষার্থী আন্দোলন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির পক্ষে হাতিয়ায় মিছিল-মিটিং এবং ২০২২ সালে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতেও সাহসী নেতৃত্ব ও সংগঠনের প্রতি তার অঙ্গীকার স্থানীয় ছাত্রদল কর্মীদের অনুপ্রাণিত করেছে।
ঘোষিত কমিটি সূত্রে জানা গেছে, উপজেলা আহ্বায়ক রিয়াজ মাহমুদ ও সদস্য সচিব আবদুল হালিম দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি এবং পৌরসভা আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু ও সদস্য সচিব ফরহাদ মাহমুদ পূর্ণাঙ্গ পৌরসভা কমিটি গঠন করবেন। পাশাপাশি ইউনিয়ন, ওয়ার্ড ও মহল্লা পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করে আসন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তৎপর হবেন।
কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীরা রিয়াজ, হালিম, দুখু ও ফরহাদকে ফুলেল শুভেচ্ছা জানান। নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও সমর্থন জানিয়ে তারা আশা প্রকাশ করেন, ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি ফিরে আসবে।
নবগঠিত উপজেলা আহ্বায়ক রিয়াজ মাহমুদ বলেন, “আমাদের লক্ষ্য হবে ছাত্রদলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করা। আমরা ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিতে কাজ করব।”
উপজেলা সদস্য সচিব আব্দুল হালিম বলেন, “দলীয় শৃঙ্খলা মেনে সংগঠনকে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত করাই আমাদের প্রধান দায়িত্ব। সকল নেতাকর্মীর সহযোগিতা পেলে আমরা হাতিয়া উপজেলা ছাত্রদলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।”
পৌরসভা আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু বলেন, “আমরা পৌরসভা ছাত্রদলকে একটি সুসংগঠিত ও কর্মীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলব। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে থাকা আমাদের অঙ্গীকার। কর্মীদের স্বার্থ রক্ষায় আমরা আপসহীন থাকব।”
পৌরসভা সদস্য সচিব ফরহাদ মাহমুদ বলেন, “ছাত্রদলের তৃণমূলকে শক্তিশালী করা এবং নতুন কর্মীদের রাজনীতিতে সম্পৃক্ত করাই হবে আমাদের অগ্রাধিকার।”
স্থানীয় রাজনীতিতে বিশ্লেষকরা মনে করছেন, নতুন নেতৃত্ব ছাত্রদলের দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে কার্যক্রমে প্রাণ ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন কমিটি দলীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি তরুণ প্রজন্মকে রাজনীতিতে উৎসাহিত করবে।
আপনার মতামত লিখুন :