
হাবিবুর রহমান রনি, সুবর্ণচর : বাংলাদেশের ছাত্র-জনতার সংগ্রামের ইতিহাসে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান একটি দগদগে স্মৃতির নাম। সেই অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সুবর্ণচরে বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গত বুধবার (২০ আগস্ট) সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে “জুলাই যোদ্ধাদের” আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সীমান্ত এবং কৃতি শিক্ষার্থী মাহরুফা আক্তারের যৌথ সঞ্চালনায় সুবর্ণচর উপজেলা এনসিপির সংগঠক খন্দকার দিদারুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর জুবিলী রব্বানীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ তুষার, সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জামাল উদ্দিন, গণঅধিকার পরিষদের নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আবদুজ জাহের, চরবাটা খাসের হাট জামে মসজিদের খতিব মাওলানা আহসান উল্লাহ, পিপলস বাংলাদেশ জেলার যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।
কুইজ প্রতিযোগিতায় সুবর্ণচরের ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাত হাজার শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। প্রথম তিনজনকে ল্যাপটপ, পরবর্তী সাতজনকে ক্রেস্ট ও নগদ অর্থ এবং বাকি একশত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরো অনুষ্ঠানটি ছিল ব্যতিক্রমী, উৎসবমুখর এবং শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণার সঞ্চারক। আয়োজকরা জানান, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি, মেধার বিকাশ এবং মননশীলতার চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :