
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি ইসলামি আন্দোলনও তাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে মাঠে নেমেছে। এরই ধারাবাহিকতায় হাতিয়ায় ইসলামি আন্দোলনের উত্তর শাখার উদ্যোগে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি চলে। হাতিয়া বাজার, আলী বাজার, মাঈনুউদ্দিন বাজার, সেন্টার বাজার, চেয়ারম্যান ঘাট ও টাংকির বাজারসহ উপজেলার ব্যস্ততম পয়েন্টগুলোতে পথচারী ও স্থানীয়দের হাতে হাতে লিফলেট বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ইসলামি আন্দোলনের উত্তর শাখার সভাপতি ও হরণী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুযর গিফারী সুমন।
এ সময় উপস্থিত ছিলেন থানা যুব আন্দোলনের সহ-সভাপতি জামাল উদ্দিন রিপন, থানা শ্রমিক আন্দোলনের সভাপতি হাফেজ মোঃ মাঈনুল ইসলাম এবং থানা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সোহেল আহম্মদসহ স্থানীয় নেতাকর্মীরা।
নেতারা জানান, দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থার সমাধান ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় “পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতি” জরুরি। তারা দাবি করেন, এ পদ্ধতি চালু হলে সংসদে প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং জনগণের ভোটের সঠিক মূল্যায়ন সম্ভব হবে।
চেয়ারম্যান প্রার্থী আবুযর গিফারী সুমন বলেন, “আমরা চাই জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হোক। এজন্য সংখ্যানুপাতিক পদ্ধতির বিকল্প নেই। ইসলামি আন্দোলন শুধু ধর্মীয় নয়, একটি আদর্শিক ও গণতান্ত্রিক শক্তি হিসেবেই মানুষের পাশে থাকতে চায়।”
লিফলেট বিতরণ চলাকালে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। অনেকেই এ উদ্যোগকে স্বাগত জানান এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ হিসেবে দেখছেন।
উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ কর্মসূচি আরও বৃহত্তর আকারে অনুষ্ঠিত হবে এবং হাতিয়ার প্রতিটি ইউনিয়নে এ বার্তা পৌঁছে দেওয়া হবে।
ইসলামি আন্দোলনের এ লিফলেট বিতরণকে ঘিরে এলাকায় রাজনৈতিক উচ্ছ্বাস তৈরি হয়েছে, যা আসন্ন নির্বাচনে নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত দিচ্ছে।
আপনার মতামত লিখুন :