
সাব্বির ইবনে, হাতিয়া : হাতিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে চোরাই কয়লা বোঝাই তিনটি ট্রলার আটক করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর ২০২৫) সকালে পরিচালিত এ অভিযানে প্রায় ১৬০ টন কয়লা জব্দ করা হয়। জব্দকৃত কয়লার বাজারমূল্য আনুমানিক ১৬ লাখ টাকা।
চট্টগ্রাম নৌ অঞ্চলের গণমাধ্যম শাখা জানায়, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে নৌবাহিনীর নিয়মিত অভিযান চলছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের পাঙ্গাসিয়া খালের একটি ইটভাটার ঘাটে অবৈধ কয়লা খালাসের প্রস্তুতি চলছে।
খবর পাওয়ার পরপরই নৌবাহিনী ও হাতিয়া থানা পুলিশের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এসময় তিনটি ট্রলার আটক করা হয়। ট্রলারগুলোর মধ্যে একটি থেকে ৮০ টন এবং অপর দুটি থেকে ৪০ টন করে মোট ১৬০ টন কয়লা জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, জব্দ কয়লার মূল্য প্রায় ১৬ লাখ টাকা এবং তিনটি ট্রলারের আনুমানিক মূল্য প্রায় ৮০ লাখ টাকা।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত ট্রলার ও কয়লা আইনানুগ ব্যবস্থার জন্য হাতিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনীর এক কর্মকর্তা বলেন, “উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, মাদক ও চোরাচালানসহ সব অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।সাম্প্রতিক সময়ে হাতিয়া উপকূলে অবৈধ কয়লা ও পণ্য পাচার বেড়ে যাওয়ায় নৌবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথ নজরদারি জোরদার
করেছে।
আপনার মতামত লিখুন :