
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমার আগলে রাখবো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা ভবন প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই ভবনের মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের হাতিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ এনামুল হক।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক একেএম মানছুরুল হক।
সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী ইমরান হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক খোন্দকার আবুল কালাম, সাবেক কমান্ডার কাজী আওরঙ্গজেব, সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন, এটিএম রফিকুল ইসলাম ও করিমুল মোস্তফা গাজীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, প্রবীণরা সমাজের জ্ঞান, অভিজ্ঞতা ও ঐতিহ্যের ধারক—তাঁদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। সরকার প্রবীণদের জন্য ভাতা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করেছে; তবে এসব উদ্যোগকে আরও সম্প্রসারণের দাবি জানান তাঁরা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সমাজকর্মী, সাংবাদিক, প্রবীণ নাগরিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :