
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ দুই ভাই-বোনের ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ঐর্দিকা নাথ (৮) ও তূর্য নাথ (৪)। তারা বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ন রোড এলাকার কুমোদ চন্দ্র নাথ ও সবিতা রানী নাথের সন্তান।
শনিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় বড় মেয়ে ঐর্দিকা। এর আগে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় একই হাসপাতালে মারা যায় ছোট ভাই তূর্য।
পরিবার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর রাত ৮টার দিকে বসুরহাট পৌরসভার রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার একটি ভাড়া বাসায় এ বিস্ফোরণ ঘটে। দুর্গাপূজার অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সদস্যরা। হঠাৎ গ্যাস লাইনের পাইপ থেকে লিকেজ হয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে।
বিস্ফোরণে দগ্ধ হন বাবা কুমোদ চন্দ্র নাথ, মা সবিতা রানী নাথ এবং তাঁদের দুই সন্তান ঐর্দিকা ও তূর্য। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার পর আহতদের উদ্ধার করে বসুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর অবস্থায় ঐর্দিকা ও তূর্যকে রাতেই ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
বাবা কুমোদ চন্দ্র নাথ জানান, “আমরা দুর্গাপূজায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ পাইপ ফেটে আগুন ধরে যায়। মুহূর্তেই ঘর জ্বলে ওঠে। সন্তান দুটিকে বাঁচাতে পারিনি— চোখের সামনে তারা পুড়ে গেল।”
তিনি আরও বলেন, দুই সন্তানের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল, আর তিনি ও তাঁর স্ত্রী সামান্য দগ্ধ হন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন,“ঘটনাটি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :