প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৩ অক্টোবর, ২০২৫

সুবর্ণচরে যুবককে জবাই করে হত্যা

সুবর্ণচর উপজেলা, প্রতিনিধি : সুবর্ণচর উপজেলায় সড়কে হিন্দু যুবককে দিনে দুপুরে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সুবর্ণচরে সোমবার (১৩ অক্টোবর) ১.৪০মি. চর জুবলী ইউনিয়নের ৩নং নাম্বার ওয়ার্ডের পরিষ্কার বাজার সড়কে সুব্রত দাস(৪০)নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়।

নিহত ব্যক্তি ৬ নং চর আমানুল্লাহ  ইউনিয়নের চর বজলুল করিম গ্রামের চিরু রঞ্জন দাশের সন্তান। নিহত সুব্রত দাসের স্ত্রী রিক্তা (৩৬) রানী দাস চর জববর  ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য কর্মী হিসেবে চাকুরী করেন।
নিহত ব্যক্তির ভাতিজা নোবেল দাশ জানান, আমার চাচা সুব্রত দাস নিজের স্ত্রীকে কর্মস্থল থেকে আনতে গেলে পরিস্কার বাজার সংলগ্ন সড়কে তার চলন্ত গাড়ি থামিয়ে দুর্বৃত্তরা তাকে মাথায় কুপিয়ে জখম করে এবং পরে জবাই করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।”

হারিচ চৌধুরী বাজারের ব্যবসায়ী নিজামুদ্দিন জানান,” বেলা ১টা ৩০ মিনিটের সময় আমি ওই স্থান দিয়ে বাড়িতে আসি তখন রাস্তায় কাউকে দেখতে পাইনি এবং পাশের মসজিদে মুসল্লীরা নামাজ পড়তে ছিলেন।নামাজ শেষে মুসুল্লিরা রাস্তায় বের হলে ওই ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন তখন বিষয়টি তারা আইনশৃঙ্খলা বাহিনী কে জানায়।”

নিহত ব্যক্তির পিতা চিরু রঞ্জন দাস বলেন, “আমার সন্তান কোন রাজনীতির সাথে জড়িত নয়,এমন কি কারো সাথে তার শত্রুতাও নেই। তাহলে কেন আমার সন্তানকে এভাবে জীবন দিতে হলো? ”

নিহত  ব্যক্তির স্ত্রী রিক্তা রাণী দাস বলেন,” আমার অফিসের এক কলিগের সাথে কিছুদিন পূর্বে একটি বিষয় নিয়ে ঝামেলা হয়,এই নিয়ে ঐ ব্যক্তির সাথে স্বামীর  কথা কাটা হয়।এছাড়া আমার স্বামীর সাথে আর কারো শত্রুতা নেই।”

চর জব্বর থানা অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ শাহিন মিয়া বলেন,” দুর্বৃত্তদের দ্বারা হত্যাকাণ্ডের ঘটনা শুনে পুলিশ ফোর্সসহ ঘটনা স্থলে যাই এবং মার্ডার স্থলের বিভিন্ন  আলামত সংগ্রহ করি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের ধরতে পুলিশ কাজ করছে”।

আরও পড়ুন

  • . এর আরও খবর