প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৩ অক্টোবর, ২০২৫

করসুবিচার স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষায় নোয়াখালীতে জনসম্মিলন

নোয়াখালীর কথা ডেস্ক : নোয়াখালী, ১৩ অক্টোবর ২০২৫: বাংলাদেশের উন্নয়নযাত্রা বৈশ্বিক বৈষম্য, কর ফাঁকি ও ঋণের ফাঁদের কারণে গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েছে—এমন প্রেক্ষাপটে নোয়াখালীর এনআরডিএস সেন্টারে এসডিজি একশন এলায়েন্স ও এনআরডিএস এর উদ্যোগে এবং জিক্যাপ-এর সহযোগিতায় “বৈদেশিক দেনা বাতিল, কর সুবিচার, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার বাস্তবায়ন” অনুষ্ঠিত হলো নাগরিক জনসম্মিলন। সম্মিলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নাগরিক প্রতিনিধি, যুব প্রতিনিধি, পেশাজীবী ও উন্নয়ন অংশীজনরা অংশ নেন।

স্বাগত বক্তব্যে এনআরডিএস-এর নির্বাহী পরিচালক আবদুল আউয়াল বলেন, এসডিজির প্রতিশ্রুতির মাত্র ১৫ শতাংশ পূরণ হয়েছে। তিনি জানান, মাথাপিছু আয় দিয়ে উন্নয়ন বোঝা যায় না, কারণ মুদ্রাস্ফীতি নাগরিক জীবনমানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। একইসাথে পরিবেশ বিপর্যয়ের দায়ে ধনী দেশগুলোকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তিনি।
তৃণমূল নারী নেত্রী আয়েশা বেগম বলেন, স্বাস্থ্যসেবার খরচ দিন দিন বেড়ে যাচ্ছে। কর সুবিচার নিশ্চিত হলে রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা জনবান্ধব ও সুলভ হবে। তিনি প্রান্তিক মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও কার্যকর করার দাবি জানান। যুব প্রতিনিধি আরাফাত হোসেন বলেন, জলবায়ু উদ্বাস্তুদের জন্য কার্যকর সরকারি উদ্যোগ নেই। কর ফাঁকির কারণে সামাজিক সুরক্ষার সুফল সবার কাছে পৌঁছাচ্ছে না। তিনি মনে করেন, কর সুবিচার নিশ্চিত করা গেলে লস অ্যান্ড ডেমেজের অনেকাংশে পুষিয়ে আনা সম্ভব।

নাগরিক নেতৃবৃন্দ বলেন, ধনীরা কর ফাঁকি দেয় এবং সেই অর্থ রাষ্ট্রীয় উন্নয়নে ব্যবহার হয় না। তাদের কাছ থেকে কর আদায় করে উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করার দাবি জানান তারা। বক্তারা বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে স্থায়িত্বশীল উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুজ্জামান মিলন, নির্বাহী পরিচালক, বন্ধন। প্যানেল আলোচনায় অংশ নেন ফারজানা কাউসার তিথি, কৃষক প্রতিনিধি নুর উদ্দিন, সবিতা রানী তালুকদার ও ফাহিদা সুলতানা। এছাড়া বক্তব্য রাখেন আবদুর রশিদ, আমির হোসেন, ভূমিহীন সংগঠক মহিউদ্দিন, গণমাধ্যম প্রতিনিধি মাহবুবুর রহমান, জামাল হোসেন বিষাদ এবং শিক্ষক প্রতিনিধি নজরুল ইসলাম।

আরও পড়ুন

  • . এর আরও খবর