
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে কোম্পানীগঞ্জ উপজেলার এইচএসসি-২০২৫ পরীক্ষার ফল এবার চরম হতাশাজনক। উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী মোট ১৯৩০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৭৩৭ জন ও অকৃতকার্য হয়েছেন ১১৯৩ জন, পাসের হার দাঁড়িয়েছে ৩৮.১৯ শতাংশ।
উপজেলার কলেজগুলোর মধ্যে কোম্পানীগঞ্জ সরকারী কলেজ ফলাফলে এগিয়ে রয়েছে। এই কলেজ থেকে ১৩৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭৭ জন পাস করেছে, পাসের হার ৪২.৪৬ শতাংশ। কলেজটিতে জিপিএ-৫ পেয়েছেন ২১ জন।
পাসের হারের দিক থেকে সবচেয়ে পিছিয়ে রয়েছে হাজীরহাট হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৯ জন, পাসের হার ২৪.৩২ শতাংশ,জিপিএ ৫ পেয়েছেন ১ জন। অপরদিকে, বামনী কলেজে ৩১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৫ জন, পাসের হার ২৬.৭৩ শতাংশ। চৌধুরীহাট কলেজ থেকে ১১২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৪ জন, পাসের হার ৩০.৩৬ শতাংশ ও জৈতুন নাহার মহিলা কলেজে ১০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২ জন পাস করেছে, পাসের হার ৩০.৭৭ শতাংশ। উপজেলার পাঁচটি কলেজের মধ্যে মোট ২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। যা বিগত কয়েকবছরে সর্বনিম্ন ফলাফল।
স্থানীয় শিক্ষানুরাগীরা বলেন, দুর্বল ফলাফলের কারণ অনুসন্ধানের পাশাপাশি শিক্ষার্থীদের মানোন্নয়নের জন্য কলেজগুলোতে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।
আপনার মতামত লিখুন :