
উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা : দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের চাঁনপুর এলাকায় ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী কামাল উদ্দিন বাবুলের (৫২) ঘরের গ্রিল কেটে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ঘরে ডাকাতি, ৭০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড) চাঁনপুর গ্রামের মাস্টার আজিজ উল্যাহর বাড়ির বারান্দার গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী কামাল উদ্দিন বাবুল জানান, আমি ফেনী শহরের শহীদ শহীদ উল্যাহ কায়সার সড়কে এ,বি,এ,আর ইন্টারন্যাশনাল নামীয় ট্রাভেল এজেন্টের স্বত্বাধিকারী। ওইদিন রাতে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘরের সবাই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দোতলা বিশিষ্ট বাড়ির নিচ তলার বারান্দার গ্রিল কেটে একদল ডাকাত ঘরের আমিসহ ৫ জন সদস্যকে হাত-পা বেঁধে ঘরে থাকা ৭০ ভরি স্বর্ণালংকার যাহার আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা, ৩ হাজার বৈদেশিক মুদ্রা (ইউরো) বাংলাদেশী টাকা প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা, নগদ ৩ লাখ টাকা, ৬টি বিদেশি দামী হাতঘড়ি যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। মোট ১ কোটি ৫০ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, আমার বড় মেয়ে লাবনী আক্তার সুইডেন প্রবাসী।
সে কিছুদিন আগে দেশে আসে। ঘটনার দিন আমার স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিল না। আমার ছোট বোন ও বড় বোন এবং দুই ভাগিনা ছিল। ডাকাতরা ঘরে ডুকে ধারালো অস্রের ভয় দেখিয়ে ঘরে আমিসহ দুই ভাগিনা ও দুই বোনকে বেঁধে ফেলে। আমাকে মারধর করে আলমারি চাবি নিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও দামী ঘড়িসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফেনী জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের ধরতে চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :