প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৫ অক্টোবর, ২০২৫

ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে নামার অপেক্ষায় জেলেরা

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : ইলিশের প্রজনন রক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গতকাল শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে আবারও সমুদ্রে নামতে প্রস্তুত জেলেরা। দীর্ঘ বিরতির পর ফিশিং বোটগুলো জাল, বরফ ও প্রয়োজনীয় সরঞ্জাম বোঝাই করে সাগরমুখী হওয়ার অপেক্ষায় রয়েছে।
নিষেধাজ্ঞার সময় মাছ ধরা বন্ধ থাকায় ঋণের বোঝায় জর্জরিত অনেক জেলে এখন নতুন আশায় বুক বাঁধছেন। তবে এবারের মৌসুমে নদী ও সাগরে ইলিশের প্রাচুর্য খুব একটা দেখা না মেলায় তাদের মধ্যে কিছুটা শঙ্কাও রয়েছে।

হাতিয়া উপজেলার একটি ফিশিং ট্রলারের মালিক বলেন, “নিষেধাজ্ঞা শেষে শনিবার মধ্যরাত থেকেই ফিশিং বোটগুলো সমুদ্রে যাত্রা শুরু করবে। তবে বেশিরভাগ জেলে ঋণের চাপে পড়েছে। তারা এখন ভালো মাছের আশায় অপেক্ষায় আছে।

জেলেরা জানান, গত ২২ দিন মাছ ধরতে না পারায় তারা কার্যত বেকার হয়ে পড়েছিলেন। পরিবারের খরচ চালাতে অনেকেই মহাজন ও এনজিওর কাছ থেকে ঋণ নিতে বাধ্য হয়েছেন।
একজন জেলে বলেন, “উপকূলীয় এলাকার জেলেরা এবারের মৌসুমে বেশ বিপাকে পড়েছেন। নদীতে ইলিশ কম পাওয়া ও নিষেধাজ্ঞার কারণে অনেকেই লোকসানের মুখে পড়েছেন। তবুও নিষেধাজ্ঞা শেষে সবাই আশাবাদী—এবার হয়তো ভালো ইলিশ মিলবে।”

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, “এখন আশা করছি, সাগরে ইলিশের প্রাচুর্য বাড়বে এবং জেলেরা কাঙ্ক্ষিত ফল পাবে।”

২২ দিনের অপেক্ষা শেষে তাই আবারও জীবনযুদ্ধের নৌকা ভাসছে সমুদ্রে। চোখে তাদের একটাই আশা—জালে ভরবে রূপালি ইলিশ, ঘুরে দাঁড়াবে পরিবারের হাসি।

আরও পড়ুন

  • . এর আরও খবর