প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২ নভেম্বর, ২০২৫

মায়ানমার সীমান্তে পণ্য পাচারের সময় ৯ জন গ্রেপ্তার

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়ায় মায়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশি পণ্য পাচারের সময় ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় পাচার কাজে ব্যবহৃত তিনটি বোট ও বিপুল পরিমাণ রাসায়নিক সার জব্দ করা হয়।

শনিবার (১ নভেম্বর ২০২৫) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য মায়ানমার থেকে দেশে আনার চেষ্টা করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা হাতিয়া থানাধীন সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি চালিয়ে ১,১৯৪ বস্তা রাসায়নিক সার (মূল্য প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা), পাচারে ব্যবহৃত তিনটি বোট ও নয়জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত সার, বোট ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর