প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৯ নভেম্বর, ২০২৫

হাতিয়ায় মধ্যরাতে কোস্ট গার্ড–পুলিশের যৌথ অভিযান গাঁজা–ইয়াবাসহ আটক ১

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : দ্বীপ উপজেলা হাতিয়ার সাগরিয়া বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩ লাখ ৭১ হাজার টাকার মাদকসহ এক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দিবাগত মধ্যরাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

হাতিয়া কোস্ট গার্ড স্টেশন ও হাতিয়া থানা পুলিশের একটি চৌকস দল যৌথভাবে অভিযান চালিয়ে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ১৭০ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। অভিযানের সময় মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে বেলাল উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটক বেলাল উদ্দিন চরকিং ইউনিয়নের সুল্লকিয়া গ্রামের রামচরণ বাজার এলাকার আবুল কাশেমের ছেলে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. বিএন মো. আবুল কাশেম অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, “তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করতে এবং উপকূলীয় সীমান্তপথে মাদকের প্রবেশ বন্ধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন, “সমাজ থেকে মাদক নির্মূল শুধু অভিযান দিয়ে সম্ভব নয়, এজন্য সামাজিক সচেতনতা, পরিবার ও স্থানীয় জনগণের সম্পৃক্ততাও অত্যন্ত জরুরি।”
জব্দকৃত মাদকদ্রব্য এবং আটক আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, অভিযানের পর স্থানীয় সাধারণ মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর এমন কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, “মাদক এখন যুবসমাজের সবচেয়ে বড় শত্রু। যদি নিয়মিত কঠোর অভিযান অব্যাহত থাকে, তবে আমাদের সমাজ মাদকমুক্ত হবে, অপরাধও অনেক কমে আসবে।”

হাতিয়ায় মাদকবিরোধী অভিযানে কোস্ট গার্ড–পুলিশের এই সফলতা স্থানীয়দের মধ্যে প্রশংসার জন্ম দিয়েছে এবং অপরাধ দমনে আরও আত্মবিশ্বাস জুগিয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর