
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : দ্বীপ উপজেলা হাতিয়া সরকারি কলেজে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের স্মার্ট মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এইচ.এস. সাইফুল আলমের স্বাক্ষরে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাস বা পাঠদান চলাকালে শ্রেণিকক্ষে কোনো শিক্ষার্থী স্মার্টফোন ব্যবহার করতে পারবে না। একান্ত প্রয়োজনে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে বাটন/সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।
কলেজ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা ও শিক্ষার্থীদের পাঠে মনোযোগী রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহারের কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ায় এমন কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন হয়ে পড়েছিল।
এদিকে অভিভাবক ও শিক্ষার্থীদের বড় একটি অংশ কলেজের নেওয়া এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, এটি শিক্ষার মান উন্নয়ন ও মনোযোগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। একই উদ্যোগ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও নেওয়া হলে তা ফলপ্রসূ হবে বলে তারা মত প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :